পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় সাত লাখ টাকার মালামাল ও সম্পদ নষ্ট হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মঙ্গলবার (৮ জুলাই) ভোররাতে। স্থানীয়রা জানান, হঠাৎ করে বাজারের একটি দোকানে আগুন দেখা দিলে তা দ্রুত পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। এতে মো. সোলায়মান হাওলাদারের ফলের দোকান, এনায়েত হোসেনের ওষুধের দোকান এবং মিজানুর রহমানের ইলেকট্রনিক পণ্যের দোকানসহ একটি মোটরসাইকেল সম্পূর্ণভাবে পুড়ে যায়।
খবর পেয়ে নাজিরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নাজিরপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ সোয়াইব মুন্সি জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে।
ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষতিপূরণ এবং পুনরায় ব্যবসা শুরু করতে সরকারি সহায়তা কামনা করেছেন।


Comment here