উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় পিরোজপুরে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখা।
সোমবার (২২ জুলাই) জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমীর বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন ফরিদসহ জেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে তোফাজ্জল হোসেন বলেন, “উত্তরা মাইলস্টোন ট্র্যাজেডির পর জামায়াতের আমীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন। আহতদের চিকিৎসা সহায়তা, রক্ত জোগান ও উদ্ধার কার্যক্রমে আমরা ভূমিকা রেখেছি—এটা কেবল ইসলামী চেতনায় উদ্বুদ্ধ একটি সংগঠনের পক্ষেই সম্ভব।”
তিনি আরও বলেন, “একজন সাহসী শিক্ষিকা নিজের জীবন বাজি রেখে যেভাবে শিক্ষার্থীদের রক্ষা করেছেন, তিনি জাতির গর্ব। আমরা শহীদদের জান্নাতুল ফেরদৌস কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি জহিরুল হক, নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমীর মাওলানা ইসহাক আলী, পৌর সেক্রেটারি আল-আমিন শেখ, উপজেলা সেক্রেটারি মাওলানা রাকিবুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


Comment here