ব্রেকিং নিউজ

পিরোজপুরে স্ত্রী ও শাশুড়ীকে জবাই করে হত্যা

পিরোজপুরের ভান্ডারিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়ী কে কুপিয়ে ও জবাই করে হত্যা করে ঘরে আগুন দিয়ে পালিয়েছে স্বামী বাদল খান।ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের দাওয়া গ্রামের খান বাড়িতে সোমবার (৫ মে) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাদলের স্ত্রী চম্পা বেগম (৩২) ও শাশুড়ী  বিলকিস বেগম (৫০)। ঘাতক মো: বাদল খান (৪৫) ধাওয়া গ্রামের বাসিন্দা মৃত আজিজ খানের ছেলে। সে পেশায় একজন চা বিক্রেতা। স্থানীয়রা জানায়, আগের একাধিক স্ত্রীর সাথে তার বিবাহ বিচ্ছেদের পর বাদল খান ২০ দিন আগে চতুর্থ বিয়ে করে চম্পা বেগমকে। সোমবার রাত আনুমানিক ১১ টার দিকে পারিবারিক কলহের জেরে স্ত্রী চম্পা বেগম ও শাশুড়ী  বিলকিস বেগমকে হত্যা করে। স্ত্রী ও শাশুড়ীকে  হত্যার পর ঘরে আগুন দিয়ে পালিয়ে যায় বাদল।

এসময় বাদলের দ্বিতীয় স্ত্রীর শিশু পুত্র ঘর থেকে পালিয়ে গিয়ে প্রতিবেশীদের জানায়। এসময় লোকজন এসে ঘরে আগুন জ্বলতে দেখে নিভিয়ে ফেলে। পরে পুলিশে খবর দেয়া হয়। প্রতিবেশীদের ধারনা পারিবারিক কলহের কারনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

ভান্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি ) আহমদ আনওয়ার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি হতে পারে। ধাওয়া ইউনিয়নের রাজপাশা গ্রামের জোড়া খুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

Comment here