শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় পিরোজপুর আদালতে কর্মরত পুলিশ কনস্টেবল মাসুদ রেজাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে জেলা পুলিশ প্রশাসন। বুধবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে পিরোজপুর জেলা জজ আদালতের সামনে এ ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম।
স্থানীয় সূত্র জানায়, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশ ও জনগণের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ওপর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে কনস্টেবল মাসুদ রেজা একটি অশ্লীল মন্তব্য করেন। ওই মন্তব্যে শহীদ আবু সাঈদের মা ও পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর ভাষা ব্যবহৃত হয়। এতে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে তাকে অবরুদ্ধ করে রাখে এবং বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হয়।
ঘটনার বিষয়ে জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক বলেন, “আমরা জানতে পারি এক পুলিশ সদস্য শহীদ আবু সাঈদের পরিবারের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছে। এলাকাবাসী তাকে আটকে রাখলে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করি এবং তাৎক্ষণিকভাবে পুলিশ সুপারকে অবহিত করি।”
জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযুক্ত পুলিশ সদস্য মাসুদ রেজাকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে ক্লোজ করেন। পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ওসি রবিউল ইসলাম।
তিনি আরও জানান, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনার পর জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ প্রশাসনের কাছে অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর নজরদারি ও জবাবদিহিতার আহ্বান জানিয়েছে।


Comment here