বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ। আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় আল্লামা সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এই মিছিল।
সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর পিরোজপুর-১ আসনের মনোনীত প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র মাসুদ বিন সাঈদী। তিনি বলেন,
“যদি কেউ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে আসে, তবে তারা নিজেরাই ইতিহাস থেকে মুছে যাবে। জামায়াতকে মুছে ফেলার চেষ্টা ব্যর্থ হবে, কারণ জনগণের হৃদয়ে এই দল রক্তের মতো প্রবাহিত।”
তিনি বলেন, “বিগত সরকার জামায়াতের ওপর ভয়াবহ দমন-পীড়ন চালিয়েছে। আন্দোলন দমনে চালানো হয়েছে স্টিমরোলার। কিন্তু আল্লাহর রহমতে আমরা টিকে আছি এবং জনগণের কাছে ফিরে এসেছি। ৫ আগস্ট আমাদের জন্য শুধু একটি তারিখ নয়, এটি নতুন ইতিহাসের সূচনা।”
মাসুদ সাঈদী আরও বলেন,
“যারা জামায়াতের মিছিলের ভিডিও দেখে তালিকা করছে, তাদেরকে বলছি—আমরাও তালিকা তৈরি করছি। যদি আবার অন্যায় শুরু হয়, আমরা তা আর মেনে নেব না।”
যুদ্ধাপরাধের বিচার নিয়ে তিনি মন্তব্য করেন, “আওয়ামী লীগ একটি সাজানো নাটকের মাধ্যমে যুদ্ধাপরাধের বিচার করেছিল। শেখ হাসিনার নিজেই বহু অপরাধের দায়ে অভিযুক্ত। তাকে আন্তর্জাতিক আদালতে এনে বিচার করতে হবে।”
তিনি কর্মীদের প্রতি শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়ে বলেন, “উস্কানি দিয়ে আমাদের উত্তেজিত করার চেষ্টা হবে, কিন্তু আমরা প্রতিক্রিয়া দেখাব না। আমাদের বিজয় অবশ্যম্ভাবী।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও পিরোজপুর জেলা আমীর বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন ফরিদ, জেলা সেক্রেটারি জহিরুল হক, নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমীর মাওলানা ইসহাক আলী এবং ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা সভাপতি ইমরান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


Comment here