পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন উপজেলা বিএনপির এক নেতা। নিহত ব্যক্তির নাম মো. রেজাউল কবির ঝন্টু খলিফা (৫০)। তিনি ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি গ্রামের বাসিন্দা ও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) সকালে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আগের দিন রাতে ওই গ্রামের মজিবুর খানের ছেলে রুবেল খান প্রতিবেশী আব্দুল হালিম প্রফেসরের বাড়ি থেকে একটি নারিকেল চুরি করেন। বিষয়টি হালিমের ছেলে মাসুদ রানা ও ঝন্টু খলিফাকে জানানো হলে ঝন্টু রুবেলকে নারিকেল ফিরিয়ে দেওয়ার পরামর্শ দেন।
কিন্তু রুবেল নারিকেল ফেরত দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কথা বলতে ঝন্টু শুক্রবার সকালে মাসুদ রানার বাড়ির সামনে গেলে রুবেল হঠাৎ ছুরি দিয়ে তার ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গির হোসেন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রুবেলকে আটকের চেষ্টা চলছে।


Comment here