ব্রেকিং নিউজ

পিরোজপুরে দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ঐক্যবদ্ধ আয়োজনে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উদযাপন

দীর্ঘ ১৭ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পিরোজপুরে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) সকালে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে কর্মসূচির শুরুতে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সকাল ৮টায় কোরআনখানী ও সকাল ১০টায় শোকর‍্যালি অনুষ্ঠিত হয়। পরে বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সিনিয়র সদস্য এডভোকেট আবুল কালাম আকন, আহসানুল কবির লীন, পৌর বিএনপির সভাপতি শহিদুল্লাহ শহিদ, শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তৌহিদুল ইসলাম, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশের ইতিহাস ভিন্ন রূপ পেত। তাঁর নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি ও রাজনৈতিক স্থিতি দৃঢ় হয়েছিল। বক্তারা তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, আওয়ামী দুঃশাসনের মধ্যেও তাঁর আদর্শের পতাকা আমরা বুকে ধারণ করেছি।

আলোচনা সভা শেষে জেলা ওলামা দলের সদস্য সচিব মিরাজ মোল্লার পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

Comment here