ব্রেকিং নিউজ

পিরোজপুরে বিএনপির শেষ নির্বাচনী জনসভায় উন্নয়ন ও ঐক্যের ডাক আলমগীর হোসেনের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পিরোজপুর-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের শেষ নির্বাচনী জনসভায় বিপুল জনসমাগম হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে অনুষ্ঠিত জনসভা জনসমুদ্রে পরিণত হয়।
দুপুর থেকেই নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল ও শ্লোগানসহ নেতাকর্মী ও সমর্থকরা জনসভাস্থলে এসে জড়ো হন। জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, জনগণের ভোটে সংসদে যাওয়ার সুযোগ পেলে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা হবে এবং দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি সপরিবারে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।
অধ্যক্ষ আলমগীর হোসেন আরও বলেন, নির্বাচিত হলে পিরোজপুর-১ আসনে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন খাতে উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে। তিনি সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আহ্বান জানান।
বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষকে বিজয়ী করুন। একই সঙ্গে যুব সমাজের উদ্দেশে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে যুবকদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
জনসভায় পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির নেতা গাজী ওয়াহিদুলজ্জামান লাভলু, অ্যাডভোকেট আবুল কালাম আকন, শেখ হাসানুল কবির লিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Comment here