ব্রেকিং নিউজ

ইন্দুরকানীতে পিটিয়ে ও কুপিয়ে জখম তিনজন

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চর গাজীপুর গ্রামে অতর্কিত হামলায় তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহতরা হলেন—হাসান খান (৬৫), বেলায়েত (৫২) ও এনায়েত (৫০)। বর্তমানে তারা পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গত শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে চর গাজীপুরের গোড়া খাল এলাকায় ফোরকানের দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়ভাবে পরিচিত ইলিয়াস মেম্বারের ঘনিষ্ঠ সহযোগী আ. রহিম খান, মাহাবুব, মামুন, সফিক, ফেরদৌস, সাত্তার ও রফিকুলসহ আরও কয়েকজন জিআই পাইপ ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তিনজনের ওপর হামলা চালায়।

হামলার সময় তাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। আহতদের স্বজনদের অভিযোগ—হামলাকারীদের অধিকাংশই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং বিভিন্ন পদেও রয়েছেন।

এ বিষয়ে স্থানীয়রা জানান, ঘটনাস্থলে গেলে স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মেম্বারকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি একজন নির্বাচিত প্রতিনিধি এবং বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।” এরপর তিনি হাসপাতাল ত্যাগ করেন।

৭ নম্বর ওয়ার্ডের সাবেক বিএনপি সভাপতি কাওসারুল আলম বাবু বলেন, “এটি একটি পরিকল্পিত হামলা। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দমন করতেই আওয়ামী লীগের নামধারীরা বারবার এমন হামলা চালাচ্ছে।”

তিনি আরও দাবি করেন, এর আগেও একই অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক হামলার অভিযোগ রয়েছে। ২০২৫ সালের ১৮ মে মো. নান্টু সিকদার এবং আরও আগে বাচ্চু সিকদার নামের দুই ব্যক্তির ওপরও একইভাবে হামলা হয়েছিল।

পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, “আমি আহতদের দেখতে গিয়েছি। থানা বিএনপির সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান আ. রাজ্জাক হাওলাদারকে বিষয়টি জানিয়েছি। এ বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, “এখনও পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Comment here