ব্রেকিং নিউজ

৪র্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেছে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) নানা আয়োজন এবং বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৪র্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেছে।

আজ ১৩ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ১১টায় প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। বেলুন উড়িয় ও কেক কেটে ৪র্থ বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করেন পিবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শারমিন, পিবিপ্রবির সিন্ডিকেট সদস্য ব্যারিস্টার এম সরোয়ার হোসেন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলের অংশগ্রহণে একটি আনন্দ র‍্যালি শহরের সিও অফিস মোড় প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এসে শেষ হয়।
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় পেশাগত দক্ষতা উন্নয়ন ও অগ্রসরমান বিশ্বের সাথে সঙ্গতি রক্ষা, সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা ও গবেষণায় সুযোগ সৃষ্টির লক্ষে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই। পৃথিবী বদলানোর একমাত্র হাতিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি।
এ সময় তিনি পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ ও বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পিরোজপুরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শারমিন বলেন, আজ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। আমি নবীন এই বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।
পিবিপ্রবির সিন্ডিকেট সদস্য ব্যারিস্টার এম সরোয়ার হোসেন বলেন, দক্ষিণাঞ্চলে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পেছনে যারা কাজ করেছেন আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। একইসঙ্গে যারা বিশ্ববিদ্যালয়টিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। পিরোজপুরের সংস্কৃতি, সম্প্রীতি ও শিক্ষা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বড় ধরণের ভূমিকা পালন করবে।
পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Comment here