ব্রেকিং নিউজ

পিরোজপুর জেলা হাসপাতালে ‘সেবার হাল’ দেখে ক্ষুব্ধ দুই প্রতিমন্ত্রী

পিরোজপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন পিরোজপুরের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মোঃ রাজীব আহসান ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী মোঃ সোহেল মনজুর।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দুই প্রতিমন্ত্রী পিরোজপুর জেলা হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা ও সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তারা জানতে পারেন, সকালে হাসপাতালে ভর্তি হওয়া কয়েকজন রোগী তখনও কোনো চিকিৎসকের সাক্ষাৎ পাননি। এমনকি দুই প্রতিমন্ত্রী হাসপাতালে পৌঁছে ওয়ার্ড পরিদর্শনের সময়ও সেখানে কোনো কর্তব্যরত চিকিৎসককে পাওয়া যায়নি।
বিষয়টি জানতে পেরে ক্ষোভ প্রকাশ করেন দুই প্রতিমন্ত্রী। পরে তাদের নির্দেশে ফোন করে কর্তব্যরত চিকিৎসককে হাসপাতালে ডেকে আনা হয় এবং তাকে ওয়ার্ডে গিয়ে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এদিকে, হাসপাতালে রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান ও বিতরণ ব্যবস্থাপনা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তারা। রোগীদের সঙ্গে কথা বলে খাবারের মান ও সরবরাহ নিয়ে বিভিন্ন অভিযোগের কথা শোনেন দুই প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে হাসপাতালে চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা, রোগীদের যথাযথ চিকিৎসাসেবা প্রদান এবং মানসম্মত খাবার সরবরাহসহ বিভিন্ন বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তারা।
পরে পিরোজপুরের সিভিল সার্জনকে হাসপাতালের অনিয়ম ও অব্যবস্থাপনা দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে হাসপাতালে ভর্তি রোগীরা যাতে নিয়মিত চিকিৎসকের সেবা পান এবং মানসম্মত খাবারসহ প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা পান, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন দুই প্রতিমন্ত্রী।
হাসপাতালের আকস্মিক এই পরিদর্শনে কর্তব্যরত চিকিৎসকের অনুপস্থিতি ও রোগীদের খাবার নিয়ে অভিযোগের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

Comment here