ব্রেকিং নিউজ

নাজিরপুরে পৃথক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

পিরোজপুরের নাজিরপুরে পৃথক দুটি দুর্ঘটনায় বিদ্যুতায়িত হয়ে মো. সুমন শেখ (৪৪) এবং নারিকেল গাছ থেকে পড়ে মো. হিরু হাজরা (৩৭) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাটিভাঙ্গা ও সদর ইউনিয়নে পৃথক এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
নিহত সুমন শেখ উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বানিয়ারী গ্রামের মহর আলী শেখের ছেলে। তিনি মাটিভাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামিম হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্ত্রী সোনিয়া বেগম জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির গরুর খামারে থাকা বৈদ্যুতিক পানির পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সুমন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, হিরু হাজরা উপজেলার সদর ইউনিয়নের ছোট বুইচাকাঠী গ্রামের তৈয়ব আলী হাজরার ছেলে। তিনি পেশায় ডাব-নারিকেল ব্যবসায়ী ছিলেন।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল শিকদার জানান, সকালে বাড়ির কাছের একটি বাড়িতে ডাব-নারিকেল পাড়তে যান হিরু। এ সময় নারিকেল গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তার মৃত্যু হয়।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. সাকিল খান জানান, সুমন শেখ ও হিরু হাজরাকে তাদের স্বজনরা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।
নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Comment here