ব্রেকিং নিউজ

বিয়ের আনন্দের যাত্রা রূপ নেয় শোকযাত্রায় — পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের

বিয়ের আনন্দঘন মুহূর্ত শেষ করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি হলো একটি পরিবারের জন্য। বৌভাতের অনুষ্ঠান শেষে মেয়ের পক্ষের আত্মীয়রা ফিরছিলেন নিজ বাড়িতে। সবার মুখে তখনো বিয়ের গল্প, হাসি আর সুখের প্রত্যাশা। কিন্তু সেই যাত্রার মাঝপথেই নেমে আসে অশ্রুর বৃষ্টি।

শুক্রবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মণকাঠী এলাকায় ঘটে যায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। পিরোজপুর-নাজিরপুর সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে বিয়ের বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই উল্টে যায় বাস, দুমড়ে-মুচড়ে যায় ইজিবাইক।

ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুল হান্নান হাওলাদার (৪৫), যিনি সদর উপজেলার মূলগ্রাম এলাকার বাসিন্দা। এ দুর্ঘটনায় আহত হন আরও অন্তত ৩৬ জন।

স্থানীয়রা ছুটে আসেন—কে কীভাবে পারছেন, টেনে তোলেন আহতদের। কান্না, চিৎকার আর আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

পিরোজপুর জেলা হাসপাতালের সিভিল সার্জন ডা. মতিউর রহমান বলেন, “আহতদের মধ্যে ২৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং গুরুতর অবস্থায় ৪ জনকে পাঠানো হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।”

সদর থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, “বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালিয়েছে।”

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ বলেন, “দুর্ঘটনার পর আশপাশের উপজেলা থেকে এম্বুলেন্স এনে দ্রুত আহতদের হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Comment here