ব্রেকিং নিউজ

পিরোজপুরে অন্ধকারে ডিবির চক্রব্যূহ: ইয়াবার বড় চালান জব্দ

পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের গোপন অভিযানে ২,৩৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের নির্দেশনায় রোববার (২ জুন) রাত ৮টা ৩০ মিনিটে পিরোজপুর সদর থানার ৬নং ওয়ার্ডের হোরের হাওলা এলাকার তাহফিজুল কোরআন মাদ্রাসার সামনের পাকা রাস্তার ওপর এই অভিযান চালানো হয়।

অভিযানটি পরিচালনা করেন ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) রবিন রহমান, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগিতায়। অভিযানে গ্রেফতার হন মোঃ শাহিন হাওলাদার (৩৬), পিতা-মোঃ আবজাল হোসেন হাওলাদার, মাতা-রেকসোনা বেগম, গ্রামের বাড়ি নদমুলা (হাওলাদারবাড়ি), ইউনিয়ন-নদমুলা, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শাহিন হাওলাদারের কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৪৯ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় উদ্ধারকৃত ইয়াবাসহ শাহিন হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Comment here