ব্রেকিং নিউজ

ইনসাফ ও ঐক্যবদ্ধ বাংলাদেশের ডাক – পিরোজপুরে ডা. শফিকুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ স্বৈরাচারের অবসানের পর দেশ এখন মুক্তির সুবাতাস পাচ্ছে। তিনি বলেন, যারা মানুষের সম্পদে ভাগ বসিয়ে চাঁদাবাজি করে, সেই চাঁদাবাজদের লাল কার্ড দেখানোর দিন হচ্ছে আগামী ১২ তারিখ। আর কাউকে এই জাতিকে বিভক্ত করার সুযোগ দেওয়া হবে না। ঐক্যবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ বাংলাদেশ—এটাই আমাদের স্লোগান।
তিনি আরও বলেন, “আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না; আমি চাই বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিজয়। আগামী নির্বাচনে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য পিরোজপুরসহ সারা দেশে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে জামায়াত মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করুন।”
ডা. শফিকুর রহমান বলেন, সামনে দুটি গুরুত্বপূর্ণ ভোট রয়েছে—একটি গণভোট। ‘হ্যাঁ’ মানে আজাদী, আর ‘না’ মানে গোলামি। ইনশাআল্লাহ ১২ তারিখ ‘হ্যাঁ’ বিজয়ী হবে এবং ১৩ তারিখের সূর্য একটি নতুন, মুক্ত বাংলাদেশ উপহার দেবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। তিনি বলেন, “জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে ছিলাম, আগামীতে সংসদকেও জনগণের আস্থার জায়গায় পরিণত করব। কোনো ষড়যন্ত্রই এ দেশের গণতন্ত্রকামী মানুষকে দমাতে পারবে না।”
১১ দলীয় নির্বাচনি জোটের শরীক দল বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, “গণতন্ত্র উদ্ধারের লড়াইয়ে জামায়াতে ইসলামী ও লেবার পার্টি আপসহীন। পিরোজপুরের মাটি ও মানুষের অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব।”
জনসভায় পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনের জামায়াত ও সমর্থিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পিরোজপুর-১ আসনে মরহুম আল্লামা সাঈদীর পুত্র মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনে শামীম সাঈদী এবং পিরোজপুর-৩ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ও জামায়াত সমর্থিত প্রার্থী ডা. শামীম হামিদীর পক্ষে ভোট প্রার্থনা করা হয়। পাশাপাশি পার্শ্ববর্তী বরগুনা-২ আসনের জামায়াত প্রার্থী ডা. সুলতান আহমেদকেও পরিচয় করিয়ে দেওয়া হয়।
এ সময় ডা. শফিকুর রহমান প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন—পিরোজপুর-১ ও ২ এবং বরগুনা-২ আসনের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা এবং পিরোজপুর-৩ আসনের প্রার্থী ডা. শামীম হামিদীর হাতে শাপলা কলি প্রতীক।
পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের সঞ্চালনায় জনসভাটি পরিচালিত হয়। জনসভার শেষ পর্যায়ে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক জামায়াত আমীরের সঙ্গে স্লোগানে অংশ নেন এবং হাত তুলে প্রার্থীদের প্রতি সমর্থন জানান।
এ সময় পুরো পিরোজপুর শহর মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
জনসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Comment here